বাসস-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত প্রাথমিকের ৯৩ শতাংশ এবং মাধ্যমিকের ৫৭ শতাংশ পাঠ্যবই ছাপা সম্পন্ন হয়েছে। আগামী নভেম্বর মাসের মধ্যেই শতভাগ বই সরবরাহ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
অন্য দিকে বার্তা২৪ ও দেশ রূপান্তর-এর তথ্য অনুযায়ী, আগামী ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই সরবরাহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাঠ্যবই মুদ্রণের ক্ষেত্রে নির্ধারিত মান ও স্পেসিফিকেশন অনুসরণের ওপরও জোর দেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস এবং গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব নির্দেশ দেন। দেশ রূপান্তর জানায়, পরিদর্শনকালে তিনি বইয়ের প্রসেস, ব্যবহৃত যন্ত্রপাতি, কাগজের গুণগত মান এবং ছাপার কাজ পর্যবেক্ষণ করেন। পরীক্ষা করার সময় কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টের অসংগতি দেখে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। পাশাপাশি আগামী বছর থেকে পুরোনো মেশিন ব্যবহার করে মুদ্রণকাজ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কোনো কাজ দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। পরিদর্শনকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





