প্রথম আলো জানিয়েছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ তাঁকে আটক করা হয়।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনরত একটি টহল দল ওই বিএসএফ সদস্যকে দেখতে পেয়ে তাঁকে আটক করে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, আটক ব্যক্তিকে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে এবং তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানে আছে।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।






