ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার সময় এসেছে। তিনি দাবি করেছেন, এই অঞ্চলগুলো আগে ত্রিপুরা রাজ্যের অংশ ছিল এবং দেশভাগের সময় নেহরুর নীতির কারণে পাকিস্তানে হস্তান্তর হয়েছিল। শুক্রবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি তুলেছেন তিনি। তিনি দাবি করেছেন, তৎকালীন ত্রিপুরার রাজা বীর বিক্রম সিং নেহরুর কাছে জানতে চেয়েছিলেন, কীভাবে তাঁর রাজ্যের ভূখণ্ড হস্তান্তর করা যায়। তিনি বলেছিলেন, রাজ্যের ভালো-মন্দের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। এরপর ১৯৪৮ সালের অক্টোবরে ত্রিপুরা রাজ্য আনুষ্ঠানিকভাবে ভারতে যোগ দেয়। নিশিকান্ত আরও অভিযোগ করেছেন, ১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গায় প্রায় ১০ হাজার হিন্দু নিহত হলেও নেহরু সেখানে যাননি। এই দাবির প্রতি ত্রিপুরার রাজপরিবারের বংশধর প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা সমর্থন জানিয়েছেন।