রাজধানীতে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার উদ্যোগ শুরুর আগেই রুট বরাদ্দ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে পরিবহন মালিকদের মধ্যে। তবে রোববার (১ নভেম্বর) রাজধানীর ৬টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল কার্যক্রম শুরু করা হবে। বেলা ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন হবে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ছয়টি রুটে মোট ৮১৬টি বাস চলাচলের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৭৯৬টি নন-এসি এবং ২০টি এসি বাস। একই রুটে একাধিক কোম্পানির বাসের মধ্যে যাত্রী ধরার প্রতিযোগিতা কমিয়ে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচল নিশ্চিত করা হবে।
রজনীগন্ধা পরিবহনের চালক মো. আমির বলেন, তাদের কোম্পানি ৩৬ বছর ধরে ফার্মগেট রুটে বাস পরিচালনা করছে। কিন্তু ডিটিসিএ তাদের কাঁচপুর রুট বরাদ্দ দিয়েছে। এ বিষয়ে বাস মালিক সমিতির মাধ্যমে ডিটিসিএতে রুট পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। সমস্যার সমাধান হলে তারা নতুন ব্যবস্থায় যুক্ত হবেন।
ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান বলেন, রজনীগন্ধা, প্রজাপতি ও পরিস্থানসহ কয়েকটি কোম্পানি নির্ধারিত রুট নিয়ে সমস্যায় রয়েছে। কিছু বাসের ফিটনেস ও নির্ধারিত রঙের মান নিয়েও জটিলতা আছে। তবে রোববার কয়েকটি কোম্পানি রুট রেশনালাইজেশন কার্যক্রমে যুক্ত হতে না পারলেও উদ্যোগটি চালু করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিদ্যমান বাস নেটওয়ার্ককে ৩২টি করিডোরে পুনর্বিন্যাস করা হবে। এসব করিডোরে নির্ধারিত বাসস্টপ, ইলেকট্রনিক টিকিটিং এবং জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো ও যাত্রীসেবা উন্নত করাই এ উদ্যোগের লক্ষ্য। এ বিষয়ে জানা গেছে ঢাকা পোস্ট।







