দৈনিক অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের আগে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার ঢাকায় সিপিডির কার্যালয়ে 'বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত এবং আমাদের পর্যবেক্ষণ' শীর্ষক একটি মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত হয়। এই আলোচনায় অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এলডিসি থেকে উত্তরণের আগে যে তিন বছরের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, তা কঠিন সিদ্ধান্ত এড়িয়ে চলার সুযোগ হিসেবে ব্যবহার না করে বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের কাজে লাগানো উচিত।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগামী তিন বছরে বাংলাদেশকে একই সাথে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি, ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান পুনরুদ্ধার করা।
অন্যদিকে, দেশ রূপান্তর পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। এই পত্রিকা জানিয়েছে, এই অতিরিক্ত সময়ে উত্তরণের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।






