কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও বাপেক্স। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন ছড়িয়ে পড়া রোধে গ্যাস উন্মুক্তভাবে নির্গমণের সুযোগ দেওয়া হচ্ছে। আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ কমে আসতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
ঘটনার পরপরই বাপেক্সের দুজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক সাইসমিক জরিপ নেওয়া হচ্ছে।
গ্যাস সরবরাহ কমবে আগামী ৪ দিন
মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কম থাকবে। এ সময় দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। পেট্রোবাংলা জানিয়েছে, এ সময় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
(ঢাকা টাইমস/২নভেম্বর/এসএ)







