কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় নির্গত ভূগর্ভস্থ গ্যাসের আগুন আগামী ১৫ দিনের মধ্যে স্বাভাবিকভাবে কমে আসতে পারে বলে আশা প্রকাশ করেছে পেট্রোবাংলা। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রথম আলো জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আগুনের তীব্রতা না কমলে বিশেষজ্ঞ দলের সহায়তায় বিকল্প উপায়ে আগুন নেভানো ও গ্যাস নির্গমন বন্ধের পদক্ষেপ নেওয়া হবে।

পেট্রোবাংলার তথ্যমতে, গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ বসানোর জন্য এক হাজার ফুট খনন করার পর হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং একপর্যায়ে আগুন ধরে যায়। খবর পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদ ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখেন। বিশেষজ্ঞদের পরামর্শে আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য গ্যাস উন্মুক্তভাবে নির্গত হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের চারপাশের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও বাপেক্সের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ নজরদারি চালানো হচ্ছে। সংস্থাটি জানায়, উক্ত এলাকায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুত যাচাই করতে ইতিমধ্যে ভূতাত্ত্বিক ও টু-ডি সিসমিক জরিপসহ প্রয়োজনীয় অনুসন্ধানমূলক কাজ শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে প্রশাসনকে সহায়তার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।