বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নতুন রূপ দিতে এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আগামীকাল ঢাকা পৌঁছাবেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার—এ খবর জানিয়েছে বাসস।

আজ সন্ধ্যায় জার্মান দূতাবাস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষিতে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিঢ়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জার্মানি এই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যকার যৌথ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে চায়।

সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’-এর উৎসবে যোগ দেবেন।

কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক ‘জার্মান রিইউনিফিকেশন ডে’কে স্মরণ করে এই দিবসটি উদযাপন করা হয়। এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারকে তুলে ধরা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।