সারাদেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ঢাকা পোস্টের এক প্রতিবেদনে এই আদেশের কথা জানানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ স্থগিতাদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। অন্য এক গণমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থগিতাদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেছেন।
ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গভর্নিং বডি বাতিলের বিষয়টি জানানো হয়েছিল। এর আগে গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সেই আদেশে আরও বলা হয়েছিল, অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত মাদরাসায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরের মাদরাসায় অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। পাশাপাশি জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হলে আদালত স্থগিতাদেশ প্রদান করেন।







