ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তাঁর স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন বলে বাসস জানিয়েছে।
প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুদকের আইনজীবী তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদনটি পেশ করেছিলেন।
বাসসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ অন্যদের বিরুদ্ধে শেয়ার কারসাজি, শেয়ারহোল্ডারদের অর্থ লোপাট, বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে। পরবর্তীতে এই অনুসন্ধানের সাথে এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ যুক্ত করা হয়।
দুদক আদালতকে অবহিত করে যে, শামসুর রহমানের ব্যাংক হিসাবগুলোর অর্থ হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা চালানো হচ্ছিল। তদন্ত সুষ্ঠু রাখতে এবং অপরাধলব্ধ সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়া নিশ্চিত করতেই হিসাবগুলো অবরুদ্ধ করার দরকার ছিল বলে আদালত আবেদনটি মঞ্জুর করেন।







