রাঙামাটির সাজেকে ইউপিডিএফ সমর্থিত দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। চ্যানেল আই ও দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, রোববার ১২ ঘণ্টার জন্য শিথিল করার পর সোমবার সকাল থেকে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে আবারও অবরোধ শুরু করেছেন বিক্ষোভকারীরা।

পাঁচ দফা দাবি আদায়ে ইউপিডিএফ সমর্থিত ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ এই আন্দোলন পরিচালনা করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা। চ্যানেল আই জানায়, রোববার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

এদিকে অবরোধের পাশাপাশি গত দুই দিনে সাজেকের কলাবুনিয়া ও দূরদুরিছড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে তিন দফা বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। দুটি পক্ষের মধ্যে অন্তত ১ হাজার থেকে ১ হাজার ৫০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন চ্যানেল আইকে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করলেও দুর্গম এলাকা হওয়ায় হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি বলে জানান।

দীর্ঘ অবরোধের ফলে সাজেকে সাধারণ মানুষের ঘরে খাদ্যাভাবের পাশাপাশি উৎপাদিত ফলমূল নষ্ট হচ্ছে এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। নিরাপত্তা বিবেচনায় সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।