দেশ রূপান্তর সূত্রে জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজ, আর্থিক অগ্রগতি ও ভবিষ্যৎ অর্থায়ন নিয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ-এর সাথে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)-এর একটি প্রতিনিধিদল বৈঠক করেন।
বৈঠকে প্রকল্পের বিদ্যমান আর্থিক ঘাটতি মোকাবিলা, ঋণ বিতরণ পুনরায় শুরু এবং পুনঃঅর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট আর্থিক ও কাঠামোগত বিষয়গুলোর সমাধান হলে ডিসেম্বরের মধ্যে পুনঃঅর্থায়নের বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিনিধিদলটি।
আলোচনায় প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার মালিকানা নিয়ে বিরোধের কারণে ঋণ বিতরণে তৈরি হওয়া স্থবিরতার বিষয়টি উঠে আসে। পরবর্তী সময়ে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (এসআইএসি) সিদ্ধান্তের পর বিরোধ নিষ্পত্তির পথে অগ্রগতি হয়।
বৈঠকে ব্যাংক প্রতিনিধিরা জানান, বিদ্যমান আইনি জটিলতা কাটিয়ে ওঠার পর প্রকল্পে নতুন করে ঋণ বিতরণ ও পুনঃঅর্থায়নের সম্ভাবনা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তারা মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা রেনমিনবি (আরএমবি)-তে ঋণ দেওয়ার চিন্তা ভাবনা করছে।
এছাড়া, প্রকল্পের ভবিষ্যৎ সম্প্রসারণ ও আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সেতু বিভাগের সচিব জানান, ভবিষ্যতে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে এবং আরও চারটি নতুন সংযোগের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।







