মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার মামলার রায় আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই রায় প্রদান করবে বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। প্রায় সাত বছর ধরে চলা এই বিচার প্রক্রিয়ার পর আইসিজের রায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা করছেন মামলার কৌশলীরা।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পরবর্তীতে ২০১৯ সালে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করে। দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়ায় আদালত বিভিন্ন নথি, তথ্য-প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনা করেছেন। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গার সাক্ষ্যও গ্রহণ করা হয়।

তবে শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির দাবি, ২০১৭ সালে রাখাইনের অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে। বর্তমানে মিয়ানমারে ছয় লাখের কম রোহিঙ্গা টিকে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারে।