সমকালের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জনতার দল। উত্তর সিটিতে দলের সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র ডেল এইচ খান এবং দক্ষিণ সিটিতে যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুহানি শিফারকে প্রার্থী করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল প্রার্থীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘জাতীয় ঐক্য: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীর নাম প্রকাশ ও গণযোগাযোগ’।

ডেল এইচ খান বলেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটির জলাবদ্ধতা নিরসন, হকারদের পুনর্বাসন, পরিকল্পিত নগর উন্নয়ন ও আবাসিক ভবন নির্মাণসহ নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। নগরবাসীর জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।

সুহানি শিফার বলেন, তিনি বুড়িগঙ্গার মেয়ে এবং পুরান ঢাকার বাসিন্দা। নির্বাচিত হলে পুরান ঢাকার মানুষের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি করবেন। বিশেষ করে মায়েদের সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। এ ছাড়া বুড়িগঙ্গা থেকে পুরান ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান শামীম কামাল। এ সময় দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) জাকির, মহাসচিব আজম খান, যুগ্ম মহাসচিব ফুয়াদ সাকী, রাজশাহী বিভাগীয় প্রধান আব্দুর রহমান, খুলনার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত মামুন, কৌশল ও পরিকল্পনা কমিটির সম্পাদক এম আর উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।