নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে ঘুম থেকে উঠে ও দোকান খুলতে এসে তারা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান। ভিডিওতে মুখোশ পরা এক যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারা জড়িত তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে আমরা আগুন দেওয়ার ঘটনার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার আগে টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারি আগুন নিভে গেছে।
একই রাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট এলাকায় যুবলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। তবে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া ও মশাল মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।







