দেশ রূপান্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ায় বন ও ভূমির আগুনসহ অন্যান্য উৎসের কারণে সৃষ্ট মারাত্মক বায়ুদূষণে গত সেপ্টেম্বর মাসে প্রায় ৫ হাজার ৩১০ জন মানুষের মৃত্যু হয়েছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) সাম্প্রতিক একটি গবেষণার ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, সেপ্টেম্বরে দাবানল থেকে নির্গত অতিসূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫-এর কারণে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে, যা আগের মাস আগস্টের চেয়ে প্রায় দ্বিগুণ। একই সঙ্গে শহরের শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও যানবাহনের দূষণে আরও ১ হাজার ৭৫০ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বোর্নিও, জাভা ও সুমাত্রা দ্বীপ অঞ্চলে।
চলতি বছরে এল নিনোর প্রভাবে চরম খরায় ভুগতে থাকা ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৯ লাখ হেক্টরের বেশি বনভূমি দাবানলে ভস্মীভূত হয়েছে। এ আগুন থেকে সৃষ্ট ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও পূর্ব তিমুরেও। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার কৃত্রিম বৃষ্টিপাত, ৭২ হাজারের বেশি কর্মী এবং ৫৩ লাখ মাস্ক বিতরণ করেছে বলে জানা গেছে।







