সড়ক দুর্ঘটনা কমাতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এ কর্মসূচির আওতায় ঢাকার অন্তত ১০টি এবং প্রতিটি জেলার কমপক্ষে পাঁচটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে অন্তত একটি বালক স্কুল ও কলেজ, একটি বালিকা স্কুল ও কলেজ এবং একটি মাদ্রাসাকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও পুরস্কার

শিক্ষার্থীদের পাশাপাশি পেশাদার গাড়িচালকদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পেশাদার মোটরযান চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ছাড়া সচিবালয়ে কর্মরত সরকারি গাড়িচালকদের বিনা মূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চালকদের দক্ষতা ও পেশাদারিত্বে উৎসাহ দিতে জাতীয় ও জেলা পর্যায়ে দক্ষ চালকদের পুরস্কৃত করা হবে।

বুধবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়ে অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, সড়ক ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সাইন, সংকেত ও রোড মার্কিং দ্রুত সংস্কার করে সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক তথ্য প্রচার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও তরুণদের এ কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।