টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন। তার বিরুদ্ধে দায়ের করা মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা পোস্টকে তার আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা (হাসান) এই তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, আইনি সহায়তার জন্য গতকাল বিকেল থেকে রুমি তার চেম্বারে দীর্ঘ সময় অবস্থান করেন। টঙ্গী পশ্চিম থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যার শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি। আইনজীবী বলেন, শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এক নাগরিক, যিনি বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে আইনি পথে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চান।
গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শাহজালাল রুমি। পরে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়।
ঘটনার পরপরই রুমি বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর মাদরাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হয়, যেখানে রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এই পাল্টা মামলার পর থেকে রুমি আড়ালে চলে যান। গত সোমবার রাতে সাংবাদিকদের তিনি জানান, 'আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।'







