বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নৌ পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা হলেন তাহসিফের বান্ধবী দিশা এবং তার বন্ধু দীপ। সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও দিশা একই মোটরসাইকেলে করে বারে আসেন এবং পরে চলে যান। নৌ পুলিশ শনিবার রাতে দিশাকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম মামলা করেছেন। মামলায় তার বন্ধু দীপকে চার দিনের রিমান্ডে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ তাকে আদালতে তুলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। গত ২৭ অক্টোবর রাতে তাহসিফ নিখোঁজ হওয়ার পর পরদিন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের আগের রাতে তাহসিফের সঙ্গে দিশাকেও দেখা যায়। পিবিআই নিশ্চিত করেছে যে, টঙ্গী মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের। তথ্যসূত্র: বার্তা২৪







