বিশ্বব্যাংক বাংলাদেশের আর্থিক খাতের সুরক্ষা ও তদারকি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪৫ কোটি ডলার ঋণ প্রদান করবে। এই অর্থে ‘আর্থিক খাত সহায়তা প্রকল্প-২’ বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিটি শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম স্বাক্ষর করেন।

প্রকল্পটি বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করবে। এর মূল উদ্দেশ্য দেশের আর্থিক খাতের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর তদারকি বাড়ানো এবং ব্যাংক খাতের পুনর্গঠনে সহায়তা করা। ঋণের মেয়াদ পাঁচ বছর এবং পরিশোধের সময় ২৫ বছর, যার মধ্যে পাঁচ বছর রেয়াত কাল থাকবে।