ভারতের রাজস্থানে মাসে ১০ হাজার রুপি বেতনে কাজ করা এক যুবকের ব্যাংক হিসাবে হঠাৎ ১০ হাজার কোটি রুপির বেশি অর্থ জমা হওয়ার তথ্য দেখা গেছে। তবে কারিগরি ত্রুটির কারণে ঘটা এই ঘটনায় বিপুল পরিমাণ অর্থটির ওপর তাৎক্ষণিকভাবে লিয়েন বা উত্তোলন নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাংক কর্তৃপক্ষ। আজকের পত্রিকা ও জনকণ্ঠের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার শহরের সালাসার বাসস্ট্যান্ড এলাকার একটি ওষুধের দোকানে। ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার প্রিপেইড মুঠোফোন রিচার্জের জন্য ব্যাংকিং অ্যাপে ব্যালান্স দেখতে যান ২২ বছর বয়সী ফার্মেসি কর্মী সমীর খান। তখন তিনি দেখতে পান, তাঁর অ্যাকাউন্টে কোনো টাকা দেখা যাচ্ছে না এবং ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের ওপর লিয়েন আরোপ করা রয়েছে। ফলে নিজের সঞ্চিত প্রায় ৫৫ হাজার রুপিও তিনি তুলতে পারছিলেন না।
আজকের পত্রিকা জানায়, বিষয়টি জানার পর সমীর তাঁর নিয়োগকর্তা ধীরজ শর্মাকে জানান। ধীরজ শর্মা জানান, সমীর চলতি বছরের জানুয়ারি থেকে তাঁর প্রতিষ্ঠানে কাজ করছেন। পরে তাঁরা দুজনে সিকারের সাইবার পুলিশ স্টেশনে গেলে পুলিশ তাঁদের সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে তারা জানায়, কারিগরি ত্রুটির কারণে এমনটি ঘটেছে। পরবর্তীতে ব্যাংক সেই ত্রুটি ঠিক করে সমীরের হিসাবে প্রকৃত জমার পরিমাণ ফিরিয়ে আনে।







