বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে শামসুন নাহার নামে এক নারীর কাছ থেকে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর নতুনহাট সংযোগ সড়কের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শামসুন নাহার রাউজানের কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জানিয়েছেন, জমি নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় তার ব্যাগে নগদ ২৫ লাখ টাকা ছিল। সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার পথে একটি মোটরসাইকেল গতিরোধ করে। এরপর পাশের আরেকটি মোটরসাইকেল থেকে দুইজন নেমে অটোরিকশার চাবি ও চালকের মোবাইল ফোন কেড়ে নেয়। চালক বাধা দিতে গেলে এক ব্যক্তি কোমর থেকে পিস্তল বের করে। পরে অন্য একটি মোটরসাইকেলে আসা আরও দুইজন অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী নারী বলেন, ‘আমি তাদের বলছিলাম, আমাকে মেরে ফেলো, তবুও আমার টাকা নিস না। কিন্তু আমার টাকাগুলো নিয়ে গেছে তারা। আমার ছোট ছেলের অনেক কষ্টের জমানো টাকা। তার টাকা দিয়ে জমি কিনতে যাচ্ছিলাম। এখন আমি কী করবো, জানি না।’
প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় রাউজানজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার এ ঘটনার নিন্দা জানিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাউজানে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংসতা, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। উপজেলাজুড়ে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে কমপক্ষে ১২টি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের পর্যন্ত উপজেলায় ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।







