ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনার কারণে আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন, এখনো পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি।
অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, দুপুর ১২টা ৪৩ মিনিটে ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে এবং দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চ্যানেল ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে যান্ত্রিক ত্রুটির জন্য এমনটা হয়েছে বলে জানিয়েছে।







