ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপ-নির্বাচনে নয়জন ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম এই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

প্রত্যাহার করা কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। তারা হলেন: মাসুদ রানা (সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়), জয়নাল আবেদীন (সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, সরকারি কলেজ), জুলফিকার আলী (সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, রোড বালিকা উচ্চবিদ্যালয়), ফরিদা ইয়াসমিন (সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), সাদেকুল ইসলাম (সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা), মোহাম্মদ আলী জিন্নাহ (সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), ওবাইদুর রহমান (সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয়), শাহাদুল ইসলাম (সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, বালাপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়) এবং আব্দুল জব্বার (সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, বড়গ্রাম আলিম মাদ্রাসা)।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫০ হাজার ৫৩ জন, নারী ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন, যার মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কেন্দ্রভিত্তিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।

গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। পরে এ আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়। বৃহস্পতিবারের ভোটের মধ্য দিয়ে এ আসনের নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।