সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। প্রথম আলো ইংরেজির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের মাধ্যমে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় চিঠিটি পাঠানো হয়। চিঠিতে অপরাধের স্থান-কাল ও ধরন, প্রত্যায়িত রায়ের কপি, মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি, মরদেহের বর্তমান অবস্থান এবং বিচার চলাকালে আইনজীবী বা আইনি সহায়তা দেওয়া হয়েছিল কি না—এই ছয়টি বিষয়ে দ্রুত তথ্য চাওয়া হয়েছে।

গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম আব্দুল বশির এবং সুইটি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল শেহরির সঙ্গে বৈঠক করে চিঠিটি হস্তান্তর করেন। তবে পূর্বের তালিকায় দণ্ডের সুনির্দিষ্ট বিবরণ না থাকায় তাদের কনসুলার বা আইনি সহায়তা প্রদান করা সম্ভব হয়নি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে চিঠির কোনো জবাব এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।