ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশ ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার চুক্তির আদলে নতুন চুক্তি চায়। তিনি উল্লেখ করেন, নতুন চুক্তিই প্রমাণ করবে বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বের অবস্থান।
বুধবার বিকেলে রংপুরের ডিসির মোড়ে শ্যামাসুন্দরী খাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ আরও জানান, তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরপর ডিপিপি প্রণয়নের কাজ শুরু হবে। দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনায় অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতা নেওয়ার চেষ্টা চলছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







