সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে মারধর ও হেনস্তার অভিযোগে মামলা হয়েছে। সমকালের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বনানী থানায় জাকী বাদী হয়ে মামলাটি করেন। এতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা জাহিদ হাসান ও বাসেদসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন সমকালকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানের পরিচালকের ওপর হামলার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে পুরোনো স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন আইইডিসিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে একদল ব্যক্তি তাকে হেনস্তা ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় পরিচালকের কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং যুক্তরাষ্ট্রের সিডিসি-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিচালক জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে জাহিদ হাসান ও বাসেদ ছাড়া অন্য কাউকে তিনি চেনেন না। জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক। ঘটনার পর সংগঠনটি তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।