সারাবাংলা জানায়, নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলেক শিকদারের ছেলে আব্দুল জব্বার ওই এলাকায় রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন।
রাত ১০টার দিকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, যেকোনো অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।







