স্লিপার বাস চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা প্রণয়নের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। অন্যদিকে, বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম ছিলেন। তিনি আদালতকে জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটি আবেদন জমা দিয়েছিল, যেখানে তারা স্লিপার বাস সড়কে চালাতে চায় বলে উল্লেখ করেছিল।
আইনজীবী মো. রাফিউল ইসলাম আরও বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪০-এ বলা হয়েছে, টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করলে সেকশন ৮৪ অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি ৩ বছর কারাদণ্ড এবং ৩ লক্ষ টাকা জরিমানা। এছাড়া আইনের সেকশন ২৮-এ স্পষ্ট করে বলা হয়েছে, রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আদেশ দিয়েছিলেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে অনুমতি দিয়েছে, সেগুলোই রাস্তায় চলাচল করবে। আইনজীবী মো. রাফিউল ইসলাম উল্লেখ করেন, স্লিপার বাস চালানোর কোনো অনুমতি নেই এবং হাইকোর্টও এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি।







