একাত্তর টিভি জানায় যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে “মিথ্যা, বানোয়াট ও মানহানিকর” বক্তব্য দেওয়ার অভিযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে ১৫ দিনের মধ্যে ওই বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার এবং মন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) নোটিশটি পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা শহরে একটি জনসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে উদ্দেশ্য করে “এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে… জায়গায় এ্যানির ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়” এমন আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন।
এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নোটিশে বলা হয়েছে। ৩০ অক্টোবর থেকে বিভিন্ন গণমাধ্যম, অনলাইন নিউজপোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যার ফলে মন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, এই ধরনের মানহানি ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় অপরাধ হিসেবে গণ্য। নির্ধারিত ১৫ দিনের মধ্যে দাবিগুলি পূরণ না হলে উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







