পুলিশ বাহিনীতে গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদল করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বা সাবেক র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদার।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ তথ্য জানা গেছে মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে।






