যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) ৪১ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর সংবেদনশীল তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আজকের পত্রিকার প্রতিবেদনে বলা হয়, তথ্য ফাঁসের শিকার ব্যক্তিদের মধ্যে সাইবার নিরাপত্তা ও অভিবাসন আইন প্রয়োগের দায়িত্বে থাকা কয়েক হাজার কর্মকর্তাও রয়েছেন।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে কর্মীদের নাম, কর্মস্থলের ঠিকানা, ফোন নম্বর এবং সংস্থায় তাঁদের দায়িত্বের বিবরণ রয়েছে। 'ডিপার্টমেন্ট অব পিস' নামে একটি গোষ্ঠী এই তথ্যভান্ডারে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে। পরে সাংবাদিক ও সাইবার নিরাপত্তা গবেষক মাইয়া ক্রাইমিউ এবং 'ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সিক্রেটস' (ডিডিওসিক্রেটস) নামের ওয়েবসাইটের মাধ্যমে তা 'আইসপিক' নামের ডেটাবেইসে প্রকাশ করা হয়।
আজকের পত্রিকা জানায়, ফাঁস হওয়া তালিকায় কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) ২১ হাজারের বেশি এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) প্রায় ৬ হাজার ৬০০ কর্মকর্তার তথ্য রয়েছে। ডিপার্টমেন্ট অব পিস জানিয়েছে, তারা 'ওকটা' নামের একটি সিঙ্গেল সাইন-অন সেবার মাধ্যমে ডিএইচএসের প্রোফাইলে প্রবেশ করেছিল। তবে ওকটার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি।







