দেশ রূপান্তরের খবর অনুযায়ী, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের অবরোধ বুধবার সপ্তম দিনে গড়িয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি এসোসিয়েশন গত ২২ অক্টোবর থেকে এই অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। এর ফলে টানা সাত দিন ধরে সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে সাজেক সড়কের একাধিক স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করে আন্দোলনকারীরা। সড়কে যান চলাচল বন্ধ থাকলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, সাজেক এলাকা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে।
এর আগে গত সোমবার প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের এক বৈঠকে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জানান, পাঁচ দফা দাবির চারটিতে সমঝোতা হয়েছে। তবে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার প্রধান দাবিতে সিদ্ধান্ত হয়নি। সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা লাইভে জানান, প্রধান দাবির বিষয়ে সরকার থেকে নির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় অবরোধ অব্যাহত রাখা হয়েছে। তবে আলোচনার দরজা খোলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।







