পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবপাচারকারীদের বিরুদ্ধে সামাজিক যুদ্ধ শুরু করতে হবে বলে ঘোষণা দিয়েছেন। তিনি দেশে-বিদেশে অবস্থান করা মানব পাচারকারীদের কঠোরভাবে প্রতিহত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং নিহতের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তিতাস শেখ বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সাহসী সৈনিক ছিলেন, মানবপাচারকারীদের গুলিতে আমরা তাকে হারিয়েছি। এই মানবপাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ শুরু করতে হবে। যেকোনো মূল্যে মানবপাচারকারীদের প্রতিহত করতে হবে। কারণ, তারা দেশের শত্রু, জনগণের শত্রু।’
তিনি বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ়। মানবপাচারকারীদের শনাক্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে গভীরভাবে কাজ করে যাচ্ছে। কারণ, মানবপাচারকারী সিন্ডিকেট শুধু এক জায়গা নয়, দেশে-বিদেশে সব জায়গায় কাজ করে থাকে। তিনি জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পাচারকারী ব্যবহার করে মানুষ পাঠানোর রুটে থাকা দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযানকালে মানবপাচারকারীদের গুলিতে নিহত হন সেনাসদস্য তিতাস শেখ (২৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার।







