হাইকোর্টে আবারও জামিন জালিয়াতির ঘটনা সামনে এসেছে। চ্যানেল ২৪-এর প্রতিবেদনে জানানো হয়, একই মামলায় একাধিক জামিন আবেদন দাখিলের বিষয়টি ধরা পড়ার পর বুধবার (৪ নভেম্বর) বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য মামলা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

একাত্তর টিভির খবরে বলা হয়, তথ্য গোপন করে জামিন আবেদন করার কারণে যাদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন— আইনজীবী আন্না খানম, এস এম আব্দুল বাতেন ও মো. রহিমউদ্দিন। হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ সিদ্ধান্ত নেন। একইসঙ্গে উক্ত মামলার পাঁচ আসামি এবং তিন তদবিরকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

একাত্তর টিভিকে সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল এমদাদুল হানিফ জানান, একই আদেশের বিপরীতে তথ্য গোপন করে তিনটি পৃথক জামিন আবেদন জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে জালিয়াতির মাধ্যমে এক আসামির জামিনও বাগিয়ে নেওয়া হয়। পরে বিষয়টি নজরে এলে আদালত এই আদেশ দেন।