গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদনে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, অর্ণব চক্রবর্তী নামে স্থানীয় এক যুবক নিয়মিত মাদক সেবনে করতেন। মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেলেই তিনি প্রায়ই বাবাকে মারধর করতেন। পূর্বে তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল।
সোমবার রাতে মাদকসেবনের জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। টাকা দিতে রাজি না হলে তিনি লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে বাবা লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
ঢাকা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় স্বজনেরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে কৌশলে পালিয়ে যান অভিযুক্ত অর্ণব।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার ঢাকা ট্রিবিউন বাংলাকে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।







