মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের একটি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝির বিরুদ্ধে সিরাজদীখান থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে সমকালের প্রতিবেদনে জানানো হয়েছে।

সমকালের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী এলাকার ওই কারখানায় কাজ করে আসছেন। সেই সূত্রে তাঁর ১৫ বছর বয়সী মেয়ে কারখানা মালিক আনোয়ার মাঝির দপ্তরে অফিস সহায়ক হিসেবে কাজ শুরু করে। গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে অফিস কক্ষের দরজা বন্ধ করে মেয়েটিকে ধর্ষণ করা হয় এবং কক্ষের ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত কারখানা মালিক ও কর্মচারীরা আত্মগোপন করেন বলে সমকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ‘দেশ রূপান্তর’ ও ‘আজকের পত্রিকা’র প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ শনিবার (১৪ নভেম্বর) ঢাকার ইসলামপুর এলাকা থেকে ৬০ বছর বয়সী কারখানা মালিক আনোয়ার হোসেন রাজুকে (আনোয়ার মাঝি) গ্রেপ্তার করেছে। এছাড়া ঘটনার তারিখ নিয়ে ‘বাংলা ট্রিবিউন’ ১৩ নভেম্বর বৃহস্পতিবারের কথা উল্লেখ করলেও সমকাল ও দেশ রূপান্তর ১২ নভেম্বরের কথা উল্লেখ করেছে।