ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাসটার্মিনালে একটি অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ সামুদা বেগম (৪৫) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে।
এ সময় তার সঙ্গে থাকা মোঃ রবিউল (৬০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা পোস্ট জানায়, কক্সবাজার থেকে একাধিক বাস পরিবর্তন করে জুতার মধ্যে ইয়াবা লুকিয়ে বরিশাল থেকে বরগুনায় আসার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুজনই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা। বরগুনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হামিমুর রশিদ ঢাকা পোস্টকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী রোহিঙ্গা বলে স্বীকার করেছেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটার্মিনালে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। বরিশাল থেকে আসা 'সজিব খান' নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে রবিউলের পায়ে থাকা জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
উপ-পরিচালক মোঃ হামিমুর রশিদ আরও বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ওই নারী এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে ইয়াবা সরবরাহ করতে বরগুনায় এসেছেন বলে জানতে পেরেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।





