সমকালের জামালপুর প্রতিনিধির প্রতিবেদন অনুযায়ী, ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে চলাচলকারী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে জামালপুরের নরুন্দি স্টেশন অতিক্রমকালে ট্রেনটি পরিত্যক্ত তিন নম্বর লাইনে ঢুকে পড়ে।

সূত্র জানায়, ট্রেনটি স্টেশনের মাঝামাঝি পৌঁছালে কাটা এবং পরিত্যক্ত লাইনের ওপর ক্রস পিলার দেখে লোকো মাস্টার দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে সহস্রাধিক যাত্রী বহনকারী ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

নরুন্দি স্টেশন মাস্টার দেওয়ান হারুন জানান, জামালপুর এক্সপ্রেসের ঢোকার কথা ছিল দুই নম্বর লাইনে। পয়েন্ট তৈরির দায়িত্ব ছিল পয়েন্টসম্যান মজিবর রহমানের। তবে তিনি ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তন করেননি, যার ফলে ট্রেনটি ভুল লাইনে ঢুকে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর ট্রেনটিকে ফের দুই নম্বর লাইনের মাধ্যমে দেওয়ানগঞ্জে পাঠানো হয়।

রেলের ময়মনসিংহ বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টেশন মাস্টার ও পয়েন্ট ম্যানের দায়িত্ব অবহেলার কারণেই ঘটনাটি ঘটেছে। তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।