ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে রশিদ আহমদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় রশিদ আহমদ রেললাইন ধরে মেয়ের বাড়ি মছনিয়াকাটায় যাচ্ছিলেন। পেছন থেকে ট্রেন আসার বিষয়টি খেয়াল না করায় তিনি ট্রেনে কাটা পড়েন। নিহত রশিদ আহমদ বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার রেলওয়ে পুলিশের জিআরপি ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।