চ্যানেল আইর প্রতিবেদন অনুযায়ী, ইরান যুক্তরাজ্যের নৌবাহিনী রয়্যাল নেভি ও বিমানবাহিনী রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে তেহরান।

পাল্টা পদক্ষেপের কারণ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, লন্ডনের ‘শত্রুতামূলক’ কর্মকাণ্ডের পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং দেশটির নতুন ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’ আইনের আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে গত এক বছরে যুক্তরাজ্যের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্য নতুন আইনের আওতায় আইআরজিসি-কে তালিকাভুক্ত করে। ওই আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। আইন অনুযায়ী, যুক্তরাজ্যে কেউ আইআরজিসিকে সহায়তা বা সমর্থন করলে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। ইরানের এই ঘোষণার মধ্য দিয়ে তেহরান ও লন্ডনের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।