ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। পাইপের মুখে গ্যাস লাইটার বা ম্যাচ ধরিয়ে দিলেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ এক বছর আগে মাছের গাড়িতে পানি সাপ্লাইয়ের জন্য এই পাম্পটি স্থাপন করেছিলেন। গত এক সপ্তাহ ধরে পাম্প থেকে পানি কম ওঠায় কৌতূহলবশত তিনি বুধবার (২৮ অক্টোবর) রাতে পাইপের মাথায় গ্যাস লাইটার ধরিয়ে দিলে আগুন জ্বলে ওঠে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দোকানের সামনে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা দাবি করেছেন, মাটির নিচে গ্যাসের উপস্থিতি আছে কি না, তা নিশ্চিত করতে দ্রুত বিশেষজ্ঞ টিম পাঠানো হোক।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন ঢাকা ট্রিবিউন বাংলাকে জানান, বিষয়টি জানার পর তিনি তহশিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং শুক্রবার তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।







